প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর

ইসরায়েলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ। একই সঙ্গে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। একই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণও ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা (মেডিকেয়ার ফর অল) চালু এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এল-সাইয়েদ। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া মাইক রজার্স তার মুসলিম পরিচয় এবং ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতার বিষয়টি নিয়ে বারবার আক্রমণ করেন।
নির্বাচনী লড়াইয়ে ইসরায়েল ও গাজা যুদ্ধ অন্যতম প্রধান বিতর্কের বিষয় হয়ে ওঠে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এল-সাইয়েদের কাছে পরাজিত হওয়া হ্যালি স্টিভেন্স নির্বাচনের কয়েক দিন আগে ইসরায়েল ইস্যুতে মতবিরোধের জেরে রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন জানান।
তবে নির্বাচনে জয়ের পর ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের প্রশ্নে এল-সাইয়েদ ও ট্রাম্পের অবস্থান কাছাকাছি এসেছে।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনা রয়েছে তার। তবে কীভাবে এই অর্থায়ন বন্ধ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
নির্বাচনে জয়ের পর এনপিআরের ‘মর্নিং এডিশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানান এল-সাইয়েদ।
তিনি বলেন, ‘এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক অবস্থান নিয়েছেন।’ একই সঙ্গে গণহত্যা ও বর্ণবৈষম্যসহ গুরুতর অপরাধে ব্যবহৃত হতে পারে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি বন্ধ করারও আহ্বান জানান তিনি।
বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।
সূত্র: এনপিআর
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।